Advertise top
বিদেশ

ফ্রান্সে বিক্ষোভের ২য় ঢেউ; গ্রেপ্তার ১ হাজার

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম    

ফ্রান্সে বিক্ষোভের ২য় ঢেউ; গ্রেপ্তার ১ হাজার
ফ্রান্সে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে পুলিশ। সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় ও স্কুলের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে আবারও রাস্তায় নেমেছেন লাখো মানুষ। সংঘর্ষের পর গ্রেপ্তার হয়েছেন প্রায় এক হাজার জন।

 

প্যারিসে শান্তিপূর্ণ পদযাত্রার শেষ দিকে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। শনিবার, ২৪ অক্টোবর রাতে কয়েকজন ব্যারিকেড তৈরি করে পুলিশের দিকে বস্তু ছোড়েন। মার্সেইয়ে জ্বলন্ত ব্যারিকেড দেখা যায়। বোর্দোতে একটি ভবনের কাঠের পাটাতন খুলে রাস্তায় ব্যারিকেড বানানো হয়। লিয়োঁতে নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়া মানুষকে সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে বিক্ষোভে অংশ নেন প্রায় চার লাখ ১০ হাজার মানুষ। শ্রমিক ইউনিয়নগুলো বলছে, সংখ্যাটি প্রায় আট লাখ। গত সপ্তাহের লুটপাট ঠেকাতে এবার মোতায়েন করা হয় প্রায় ৭০ হাজার পুলিশ। এতে সহিংসতা আগের মাত্রায় পৌঁছায়নি।

 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, মিছিলের পেছনে কয়েক হাজার উগ্রপন্থী কর্মী জড়ো হয়েছিলেন। তাদের প্রায় ৫০০ জনকে দাঙ্গাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তুলুজ ও ক্লেরমঁ-ফেরঁতে দুজন গুরুতর আহত হন। নুনিয়েজ আরও বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়বে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মুখোশ পরা এক কিশোর বলেন, "আমাদের দাবির জবাব পাওয়া গেলেই বিক্ষোভ শেষ হবে।"

 

গত সপ্তাহের বিক্ষোভে অংশ নেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ। তখন দুই হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। গ্রেপ্তার হন প্রায় আড়াই হাজার জন। প্যারিসসহ কয়েকটি শহরে রাতভর কারফিউ জারি করতে হয়েছিল।

 

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ নির্দেশ দিয়েছেন, শুধু স্বীকৃত শ্রমিক ইউনিয়নের বিক্ষোভই অনুমোদন পাবে। ছয় মাস পর প্রেসিডেন্ট নির্বাচন। এগিয়ে থাকা প্রার্থীরা ম্যাক্রঁ ও তার মন্ত্রীদের দায়ী করছেন। একই ধরনের ক্ষোভে আলবেনিয়ার তিরানা ও বেলজিয়ামের ব্রাসেলসেও বিক্ষোভ হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal