বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার।
মাসিক কল্যাণ সভায় কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেন তিনি।
সভা হয় ইউনিটের সদর দপ্তরে। সেখানে পুলিশ সদস্যদের চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ কল্যাণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার বিগত মাসের অপরাধ পরিস্থিতি খতিয়ে দেখেন। মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ নিয়ে তিনি কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। সাইবার পেট্রোলিং জোরদার ও সাইবার টিমকে আরও সক্রিয় হতে বলা হয়। কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননাও দেওয়া হয়।
বিএমপির পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডও অনুষ্ঠিত হয়। কমিশনার কুচকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন। তিনি শৃঙ্খলা, ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের ওপর জোর দেন।
কল্যাণ সভার শুরুতে কর্মরত অবস্থায় সম্প্রতি মারা যাওয়া এএসআই মো. নজরুল ইসলাম আকনের স্মরণে দোয়া করা হয়। অবসরে যাওয়া এএসআই মোহাম্মদ সাইদুল ইসলাম তালুকদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন