বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষা জোরদারের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর তা রক্ষা করতে পারেনি দলটি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার এক বিবৃতিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এইচআরডব্লিউ বলছে, সাম্প্রতিক সময়ে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে। আইনগুলো হলো— জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে গঠিত 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন-২০২৬'।
অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা বাতিল
সংস্থাটির বিবৃতি অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার সুরক্ষায় কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। নতুন তিন আইন পাসের পর সেসব ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে বলে এইচআরডব্লিউ জানিয়েছে।
এর ফলে অতীতে ব্যাপক আকারে ঘটা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যাতে গুম প্রতিরোধ, তদন্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নতুন আইনের মাধ্যমে কমিশনের স্বাধীনতা ও তদন্তের ক্ষমতা সংকুচিত করেছে বলে এইচআরডব্লিউ জানিয়েছে।
র্যাবের নাম পরিবর্তন, কাঠামো অপরিবর্তিত
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগ থাকা পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব বিলুপ্তির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে সংস্থাটির কেবল নাম পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। সাধারণ পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য সুরক্ষামূলক বিধিবিধান নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও পর্যবেক্ষণ দিয়েছে সংস্থাটি।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলায়িন পিয়ারসন বিবৃতিতে বলেন, "নিরাপত্তা বাহিনীকে তদন্ত ও জবাবদিহিতার বাইরে রাখার নতুন সরকারের যে প্রচেষ্টা, সেটি থেকে এমনটা বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে, হত্যাকাণ্ড ও গুমের ঘটনা অতীতের বিষয় হয়ে থাকবে।"
তিনি মনে করেন, অতীতে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের নিরাপত্তা খাতে প্রকৃত সংস্কার এবং নির্যাতনের অভিযোগ তদন্তের ক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন মানবাধিকার সংস্থা প্রয়োজন।
গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন