বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইয়েমেনের কৌশলগত পার্বত্য এলাকা নিয়ে সোমবার, ২১ সেপ্টেম্বর তীব্র লড়াইয়ে জড়ায় হুথি বিদ্রোহীরা।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তাইজ ও লাহজ প্রদেশের কাহবুব পর্বত দখলের লড়াই চলছে, যা বাব-এল-মানদেব প্রণালি ও মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। এই পাহাড় দখলে নিলে হুথিরা লোহিত সাগর উপকূলকে সরকারনিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করতে পারবে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হুথিদের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা বাতিল করেন, তখন বিমানে বোমা তোলার কাজ চলছিল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বারবার এই হামলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন বলে জানা গেছে।
আলজাজিরা জানায়, আগস্ট মাসের ৬ তারিখ থেকে এই লড়াইয়ে অন্তত ৬৭৪ জন নিহত ও প্রায় ৩ হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ মাসে এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হুথি নেতা আবদুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে না জড়াতে সতর্ক করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন