বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে কচুরিপানায় ঢাকা একটি খাল পরিষ্কার করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রবিবার, ২০ সেপ্টেম্বর এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অংশগ্রহণকারীরা খাল থেকে কচুরিপানা ও বিভিন্ন আবর্জনা সরান। স্থানীয় বাসিন্দারা বরিশাল নিউজ ডটকমকে বলেন, খালের দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে কচুরিপানায় আচ্ছাদিত ছিল।
তারা জানান, এলাকার কৃষকেরা এ খালের পানি ব্যবহার করে চাষাবাদ করেন। কচুরিপানায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় তারা দীর্ঘদিন সমস্যায় পড়ছিলেন। জলাবদ্ধতা থেকে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হতে পারে বলেও তাদের আশঙ্কা ছিল।
মনিরুল ইসলাম বরিশাল নিউজ ডটকমকে বলেন, খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান বিএনপির ৩১ দফা কর্মসূচির একটি। এলাকায় সেটি বাস্তবায়নেই এই আয়োজন।
ইউনিয়নের আরেকটি খালও জলাবদ্ধ অবস্থায় আছে উল্লেখ করে তিনি জানান, সেটিও দ্রুত পরিষ্কার করা হবে। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
ইউনিয়নে সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথাও জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, উত্তর জয়নগরকে দৌলতখান উপজেলার একটি "মডেল ইউনিয়ন" হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন