Advertise top
গণমাধ্যম

মৃত্যুর ৩ দিন পর পুলক চ্যাটার্জির পাওনা দিলো সমকাল

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম    

মৃত্যুর ৩ দিন পর পুলক চ্যাটার্জির পাওনা দিলো সমকাল
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: ফেসবুক

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে দৈনিক সমকাল। বেতন বকেয়া না থাকলেও গ্রাচুয়িটি ফান্ডের এই টাকা গত তিন বছর যাবৎ আটকে ছিলো।

 

দৈনিকটির সাবেক ব্যুুরো প্রধান পুলককে ২০২৩ সালের মে মাসে অব্যাহতি দেয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।

 

সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বরিশাল নিউজ ডটকমকে জানিয়েছেন, গতকাল  সোমবার ১৪ সেপ্টেম্বর পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলক এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু বছর ধরে নগরীর গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০০৫ সালে সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি কাজ করা পুলককে ২০২৩ সালের মে মাসে তাকে থেকে অব্যাহতি দেওয়া হয়। 

 

মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

 

পুলক স্ত্রী প্রিয়াঙ্কা এবং একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে পুলক লিখেছেন, 'আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।'

 

পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বরিশাল নিউজ ডটকমের কাছে তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেতে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal