বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতি ধীর করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়ারল্যান্ড সফররত ট্রাম্প রবিবার, ১৩ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এআই উন্নয়নে লাগাম টানার আহ্বানকারীদের নেতিবাচক শক্তি বলে আখ্যা দেন।
আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টের পাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এআই খাতে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের চেয়ে এগিয়ে আছে এবং এই অবস্থান ধরে রাখা জরুরি। তার ভাষ্যে, এআইয়ে যারা জিতবে তারাই সবকিছুতে জিতবে, তাই নিরাপত্তা বেষ্টনী রাখা গেলেও উন্নয়নের গতি কমানো ঠিক হবে না বলে মনে করেন তিনি।
এর আগের দিন, শনিবার, ১২ সেপ্টেম্বর এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এক প্রবন্ধে অত্যাধুনিক এআই মডেলের বিকাশের গতি কমানোর প্রস্তাব দেন।
স্বাধীন পর্যবেক্ষকদের এআই ব্যবস্থায় সার্বক্ষণিক প্রবেশাধিকার দেওয়া, প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড ঠিক করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো— এই তিন দফা প্রস্তাব দেন তিনি। বিবিসি ও আমোদেইয়ের ব্যক্তিগত ওয়েবসাইট বরাতে বরিশাল নিউজ ডটকমের আগের প্রতিবেদন জানায়, আমোদেইয়ের এই আহ্বানে সমর্থন জানান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তবে হোয়াইট হাউজের এআই ও ক্রিপ্টোবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস সমাজমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সমালোচনা করেন। স্যাকস অভিযোগ করেন, প্রতিষ্ঠান দুটি ছোট প্রতিদ্বন্দ্বী ও ওপেন-সোর্স ডেভেলপারদের বাজার থেকে বাইরে রাখতে সরকারি নিয়ন্ত্রণ ব্যবহারের চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এআই নিয়ে আইন প্রণয়নের বদলে বৈঠকের প্রস্তাব দেন, আর সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ এ ইস্যুতে চুপ থাকাকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রশাসনের এআই নিয়ন্ত্রণ-বিরোধী অবস্থানকে ইস্যু করছেন ডেমোক্র্যাটরা। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলনে বলেন, অ্যানথ্রপিকের প্রতিবেদনের বিস্তারিত বিষয়ে তিনি অবগত নন।
গত সপ্তাহের এআই নিরাপত্তা বিষয়ক বিতর্ক বিশ্লেষন করে বরিশাল নিউজ ডটকম বুঝতে পেরেছে, গবেষক ও শিল্পনেতাদের মধ্যে এআইয়ের অগ্রগতির গতি ও প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে মতভেদ রয়েছে। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যকার এই বিতর্কের প্রভাব ভবিষ্যতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহারকারীদের ওপরও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ফাইন্যানসিয়াল টাইমস্, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন