বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমিয়ে বৈশ্বিক তদারকির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেই। যা এক সপ্তাহ ধরে চলা এআই নিরাপত্তা-বিতর্কের মধ্যেই এলো।
অ্যানথ্রপিক হল ক্লড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের মূল কোম্পানি।
দারিও আমোদেই এআই মডেল আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বানও জানান। তিনি শনিবার, ১২ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রবন্ধে বলেন, এআই তৈরি বন্ধ করার প্রশ্ন নেই, তবে এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলো গুরুতর। কোম্পানি ও সরকারগুলোকে এসব ঝুঁকি মোকাবিলার জন্য সময় দিতে হবে।
বিবিসি জানায়, প্রতিদ্বন্দ্বী দুই এআই প্রতিষ্ঠানের প্রধান—ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও গোরকের ইলন মাস্ক—দুজনেই আমোদেইয়ের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন।
আমোদেইয়ের এই প্রবন্ধ প্রকাশের কয়েক দিন আগে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের এক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়। ২৭ বছর বয়সী কক্সন মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতে এক্স-এ দেওয়া পোস্টে অ্যানথ্রপিক ছাড়ার ঘোষণা দিয়ে বলেন, এআই খাতের প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতের অতিমানবীয় এআই ব্যবস্থা যেকোনো কিছু হ্যাক করার সক্ষমতা অর্জন করতে পারে।
গবেষকদের মধ্যে সমর্থন
নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, কক্সন সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিক—দুই প্রতিষ্ঠানেই প্রি-ট্রেনিং গবেষণায় যুক্ত ছিলেন। তার এই সতর্কবার্তার পক্ষে সরাসরি অবস্থান নেন অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স লিড ইভান হুবিঙ্গার। এক্স-এ দেওয়া পোস্টে হুবিঙ্গার জানান, আগামী দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।
সিনেটর বার্নি স্যান্ডার্সও এই উদ্বেগে সুর মিলিয়েছেন। বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ এআইয়ের নিয়ন্ত্রণ হারানোর একটি প্রকৃত সম্ভাবনা রয়েছে এবং তা বিপর্যয়কর হতে পারে। তিনি অতিমানবীয় এআই বন্ধে সাময়িক বিরতির প্রস্তাব সংবলিত একটি বিল সিনেটে উত্থাপন করেছেন বলেও জানান।
সংশয় ও পাল্টা প্রতিক্রিয়া
তবে সিলিকন ভ্যালির সবাই এই সতর্কবার্তাকে সরল বিশ্বাসে নিচ্ছেন না। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সান ফ্রান্সিসকোর এক সম্মেলনে কক্সনের মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বলে বিবিসিকে একাধিক সূত্র জানিয়েছে। এআইয়ে মানবজাতির অস্তিত্ব সংকট তৈরি হওয়ার ধারণাকে হুয়াং আগেও পুরোপুরি অর্থহীন বলে মন্তব্য করেছিলেন।
সমকামী বান্ধব ডেটিং অ্যাপ গ্রিন্ডারের প্রধান নির্বাহী জর্জ অ্যারিসন বিবিসিকে বলেন, কক্সনসহ অন্যদের এমন মন্তব্যে অ্যানথ্রপিকের একটি সভ্যতা-বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তিনি এই বক্তব্যকে বিপজ্জনক আখ্যা দিয়ে জানান, এর জেরে তিনি প্রতিষ্ঠানের কিছু প্রকৌশলীকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটালের প্রধান ব্র্যাড গার্স্টনার প্রথমে কক্সনের বক্তব্যকে হাস্যকর অতিরঞ্জন বলে মন্তব্য করেন, যদিও পরে আমোদেইয়ের প্রস্তাবকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানান।
কিছু বিনিয়োগকারী ও নির্বাহী মনে করেন, রেকর্ড মূল্যায়নে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির মধ্যে এসব সতর্কবার্তা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর কৌশল হতে পারে। সাম্প্রতিক তহবিল সংগ্রহে অ্যানথ্রপিকের বাজারমূল্য নির্ধারিত হয়েছে ৯৬৫ বিলিয়ন ডলার, আর ওপেনএআইয়ের মূল্যায়ন দাঁড়িয়েছে ৮৫২ বিলিয়ন ডলারে।
নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপট
অ্যানথ্রপিক এপ্রিল মাসে জানিয়েছিল, তাদের মিথোস মডেল কিছু হ্যাকিং ও সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কাজে মানুষের চেয়েও ভালো ফল দেখিয়েছে এবং পরীক্ষামূলক পরিবেশ থেকে স্বাধীনভাবে বেরিয়ে আসার সক্ষমতাও দেখিয়েছে। এর ধারাবাহিকতায় অ্যানথ্রপিক বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর জানায়, জৈব অস্ত্র তৈরি ও সাইবার-গুপ্তচরবৃত্তির চেষ্টায় তাদের প্রযুক্তি ব্যবহারকারী কিছু ব্যক্তিকে তারা শনাক্ত করে ঠেকিয়ে দিয়েছে। ওপেনএআইয়ের কিছু এআই এজেন্ট গত জুলাইয়ে নির্দেশ ছাড়াই সাইবার আক্রমণ চালিয়েছিল বলেও আমোদেই তার প্রবন্ধে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই থেকে মানবজাতির বিলুপ্তির শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি বরং চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের মডেল ব্যবহারের অনুমতি না দেওয়ায় হোয়াইট হাউস অ্যানথ্রপিককে উগ্র বামপন্থী প্রতিষ্ঠান আখ্যা দিয়ে সরবরাহ-শৃঙ্খল ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছিল, যদিও একজন ফেডারেল বিচারক পরে এই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেন।
হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমঁ দলঁগ শুরুতে কক্সনের বক্তব্যের সমালোচনা করলেও পরে আমোদেইয়ের প্রস্তাবিত স্বাধীন পর্যবেক্ষক কাঠামোয় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশসহ বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী যে ক্লদ (Claude) চ্যাটবট ব্যবহার করেন, সেটিও অ্যানথ্রপিকেরই তৈরি এআই মডেল—ফলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে এই বিতর্কের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের এআই ব্যবহারকারীদের ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি, দারিও আমোদেই ডটকম, নিউজউইক
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন