Advertise top
আদালত-অপরাধ

মেহেন্দীগঞ্জে বোরকা পরা দুর্বৃত্তদের কোপে কৃষক খুন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম    

মেহেন্দীগঞ্জে বোরকা পরা দুর্বৃত্তদের কোপে কৃষক খুন
কুপিয়ে হত্যা। প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে বোরকা পরা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে কবির ব্যাপারী নামে এক কৃষককে। পরে মরদেহ ফেলে দেওয়া হয় পাশের খালে।

 

মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর বাজারে সাপ্তাহিক হাট চলাকালে শনিবার, ১২ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত কবির ব্যাপারীর (৫৫) বাড়ি পার্শ্ববর্তী মুলাদী উপজেলার নামার বাহাদুরপুর গ্রামে। পেশায় কৃষক কবির সদাই করতে গিয়েছিলেন ভাসানচর বাজারে।

 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন স্থানীয় দুই বাসিন্দা জানান, হাটের ব্যস্ততার মধ্যে বাজারসংলগ্ন খালপাড়ে বোরকা পরা ছয় থেকে সাতজন দুর্বৃত্ত কবির ব্যাপারীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত-পা, গলা ও পেটে উপর্যুপরি কোপ দেয় তারা। গুরুতর জখম অবস্থায় কবিরকে পাশের খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

প্রকাশ্য বাজারে এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন অনেক ব্যবসায়ী। বাজারটি সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়ে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার একদল পুলিশ। খালপাড় থেকে কবির ব্যাপারীর মরদেহ উদ্ধার করে তারা। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা এবং কী কারণ, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্থানীয় কেউ।

 

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো মেলেনি, বলেন তিনি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal