বরিশাল নিউজ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল চালক নিহত এবং একজন আরোহী আহত হয়েছেন। নিহতরা হলেন আরাফাত রহমান বাবু এবং মেহেদী হাসান তুরাগ।
এর মধ্যে শুক্রবার সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) এবং বৃহস্পতিবার রাতে ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নিহত হন।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনের দুর্ঘটনায় নিহত হন আরাফাত রহমান বাবু । তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা। আহত আসাদুলও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহন শারমিন ক্লিনিকের সামনে স্পিডব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার কটকস্থল এলাকায় আরেক দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে এবং বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কটকস্থল এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে তুরাগের মোটরসাইকেল পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তুরাগ নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় শনাক্ত করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন