বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে এনবিআর এর দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে বলেছে হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দিয়েছেন।
বিবিসি বাংলা জানিয়েছে, এ বিষয়ে আদালত এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেনি । তবে সংক্ষিপ্ত রায় অনুযায়ী, এনবিআর এর যে দাবি গ্রামীণ কল্যাণ এর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
অর্থাৎ এ বিষয়ে কর পরিশোধের বিষয়ে এনবিআর এর দাবিটিই বহাল থাকলো।
হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে গ্রামীণ কল্যাণ এর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, “এই মামলায় আজ যে রায় হয়েছে, সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। রায়ের কপি পেলে আমরা আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করবো।”
তিনি জানান, গ্রামীণ কল্যাণ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের পর থেকে এই প্রতিষ্ঠানে আর যুক্ত নেই। এমনকি গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান নন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন