Advertise top
জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেন শুরু হচ্ছে আজ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম    

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেন শুরু হচ্ছে আজ
অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। প্রায় চার দশক পর এই অধিবেশনেই সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

স্থানীয় সময় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। "আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ" প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের অধিবেশন।

 

শুরু হচ্ছে ৮১তম অধিবেশন

জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত সাধারণ পরিষদ বিশ্বশান্তি, উন্নয়ন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে বহুপাক্ষিক আলোচনার প্রধান মঞ্চ হিসেবে কাজ করে। ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিশ্বনেতাদের অংশগ্রহণে মূল উচ্চপর্যায়ের সপ্তাহ শুরু হবে ২২ সেপ্টেম্বর, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বার্ষিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মুহূর্ত অনুষ্ঠান।

 

জাতিসংঘ জানায়, এই অধিবেশনেই সম্পন্ন হবে সংস্থাটির পরবর্তী মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া, কারণ বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। একই সঙ্গে বিশ্ব সংস্থাটি রয়েছে তীব্র আর্থিক সংকট ও বহুপাক্ষিকতার প্রতি হ্রাসমান আস্থার মধ্যে, যা এবারের অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে।

 

সভাপতির আসনে বাংলাদেশ

সাধারণ পরিষদের সভাপতির পদটি জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পালাক্রমে বণ্টিত হয়ে থাকে, আর ৮১তম অধিবেশনের জন্য এবার তা বরাদ্দ ছিল এশিয়া-প্যাসিফিক গোষ্ঠীর জন্য। খলিলুর রহমান দায়িত্ব নেবেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে এবং এক বছরের জন্য এই পদে থাকবেন।

 

গত দুই জুন গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রিয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ব্যালট গণনা হয়, যার মধ্যে কোনোটিই বাতিল হয়নি।

 

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী। তাঁর পর দীর্ঘ বিরতির পর ফের এই পদে বসতে যাচ্ছেন কোনো বাংলাদেশি কূটনীতিক। 

 

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বিএসএস), জাতিসংঘ (UN.org/UN News), ইউএনএন (UNN.ua)


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal