বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামে এক ব্যক্তি।
এতে ২০২৫ সালের মে মাসে জারি করা ওই প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনটি সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে আবেদনটির ক্রমিক পর্যন্ত এদিন শুনানি হয়নি।
হাইকোর্টের ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী মিডিয়াকে বলেন, “রিট আবেদনটি কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে আজ আদালত ওই ক্রমিক পর্যন্ত পৌঁছায়নি। কার্যতালিকায় থাকা আগের বিভিন্ন মামলার শুনানির মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শেষ হয়েছে।”
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ওই দাবির মুখে গত বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
সূত্র: বিডিনিউজ২৪ ডটকম
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন