Advertise top
ধর্ম

বরিশালে উৎসবমুখর জন্মাষ্টমী উদযাপন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম    

বরিশালে উৎসবমুখর জন্মাষ্টমী উদযাপন
নগরীতে শোভাযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: বরিশাল নিউজ

বরিশালে আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখবর পরিবেশে সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে । এ উপলক্ষে আজ শুক্রবার, চার সেপ্টেম্বর সকালে সমাবেশ ও শোভাযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।


 

নগরীর লাইন রোড মোড়ে সকাল এগারোটার দিকে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

 

কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে সেখানে সভাপতি ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার শোভাযাত্রার উদ্বোধন করেন।

 

এমপি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘‘বরিশাল যুগে যুগে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই পুণ্যভূমিতে আবহমানকাল ধরে সকল ধর্মের মানুষ একে অপরের আনন্দ-বেদনায় পাশে দাঁড়িয়ে পূর্ণ স্বাধীনতায় নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও ঐক্যের ধারা আমাদের মূল শক্তি, এবং যেকোনো মূল্যে আমরা তা ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।’’

 

সভা শেষে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে নগরীর বিভিন্ন মন্দির, সামাজিক-ধর্মীয় সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।

 

ভক্তবৃন্দ তাদের ভগবান শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর প্রতিমা, সুসজ্জিত ট্যাবলো, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হরে কৃষ্ণ নামসংকীর্তন এবং খোল-করতালের ধ্বনিতে রাজপথ মুখরিত করে তোলেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, জগতে যখনই অধর্ম, অন্যায় ও অসত্যের প্রাধান্য ঘটে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে মানবকল্যাণে ধরায় আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। বর্তমান বিশ্ব ও সমাজের যাবতীয় অস্থিরতা দূর করে সবার জন্য শান্তি, মঙ্গল ও সুরক্ষার জন্য তারা পরমেশ্বরের কৃপা প্রার্থনা করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal