বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:০১ পিএম

ছয় নবজাতক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার, ১১ জুন বিকালে এ ঘোষণা দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শোকজ নোটিসের “যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিনেন্স ১৯৮২ এর ১১ (২) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল।
“উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।”হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর কী হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব রোগীদের সরিয়ে ফেলতে হবে। কারণ লাইসেন্স বাতিল হওয়ার পর আর চিকিৎসা দিতে পারবে না ওই হাসপাতাল।”
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, বৃহস্পতিবার প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছে।
কুরবানি ঈদের আগের দিন ২৭ মে সকালে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়।
এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির রবিবার সাংবাদিকদের বলেছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন