Advertise top
চিকিৎসা

পিরোজপুর হাসপাতালে শয্যা বাড়লেও বাড়েনি জনবল 

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম    

পিরোজপুর হাসপাতালে শয্যা বাড়লেও বাড়েনি জনবল
পিরোজপুর জেলা হাসপাতাল। বরিশাল নিউজ ডটকম

শয্যা ১০০ থেকে ২৫০ হলেও জনবল ও সেবা কাঠামো না বাড়ায় পিরোজপুর জেলা হাসপাতালে অব্যবস্থা দেখেছে দুদক।

 

দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার, ১৫ অক্টোবর হাসপাতালে অভিযান চালায়। ডেঙ্গু রিপোর্টে বিলম্ব, ডেঙ্গু ওয়ার্ডে খাবারের ঘাটতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠায় অভিযান হয়।

 

দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মো. জাকির হোসেন। সঙ্গে ছিলেন উপ সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল ও মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট।

 

জাকির হোসেন জানান, হাসপাতালে তখন প্রায় ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। রোগীদের অভিযোগ, রিপোর্ট পেতে তিন দিন পর্যন্ত লাগছে। তাই অধিকাংশ রোগী বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাচ্ছেন। রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার অনুরোধ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, শয্যা ২৫০টি হলেও খাবারের বরাদ্দ এখনো ১০০ শয্যার। ফলে সব রোগীকে খাবার দেওয়া যাচ্ছে না। জেনারেটর না চলার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, পর্যবেক্ষণে সেটি সচল পাওয়া গেছে।

 

দালালের অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করা হয়েছে। তবে কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়েছে।

 

নথিপত্র চাওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনার পর দুর্নীতি হয়েছে কি না, তা বলা যাবে বলে জানান জাকির হোসেন। প্রাথমিকভাবে তারা বিষয়টিকে অব্যবস্থাপনা হিসেবে দেখছেন। এর আগে ওষুধ ও এমএসআর কেনাকাটার অভিযোগে করা মামলাটি এখনো তদন্তাধীন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal