বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে এবারও স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী, টানা ৯ বছর ধরে প্রথম স্থানে ইউরোপীয় এই দেশটি।
২০২৬ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে আছে আইসল্যান্ড। এরপর ক্রমানুসারে আছে ডেনমার্ক, কোস্টারিকা, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক ১২৭।
২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৪তম। অর্থাৎ বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রতি বছর বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার ব্রিটিশ জরিপ সংস্থা গ্যালাপ ও জাতিসংঘের ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কে’র সহায়তায় এই তালিকা প্রস্তুত করেছে। ২০শে মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ উপলক্ষে এই তালিকা প্রকাশিত হয়।
বিশ্বের ১৪৭টি দেশ থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অংশগ্রহণকারী মানুষদের আগের তিন বছর জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।
অংশগ্রহণকারীদের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা সম্পর্কে জানাতে বলা হয় এবং সে অনুযায়ী সুখী দেশের তালিকায় ওই দেশের অবস্থান নির্ধারিত হয়। পাশাপাশি, এ প্রতিবেদনে ছয়টি সূচককেও বিবেচনায় নেওয়া হয়।
এই সূচকগুলো হলো—মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি নিয়ে মনোভাব।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যথাক্রমে ১১৬, ১০৪ ও ১৩৪তম অবস্থানগুলো দখল করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় এগিয়ে আছে নেপাল। দেশটির অবস্থান ৯৯তম।
গতবারের মতো এবারও সবচেয়ে অসুখী দেশ হয়েছে আফগানিস্তান।
বাঙলাদেশের নিম্নমুমুখীর কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো বিষয়ে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
ফিনল্যন্ডের এই সফলতার পেছনে রয়েছে, ফিনিশ নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধা। তালিকায় শীর্ষ স্থান দিতে দেশটিতে কম দুর্নীতি এবং সরকারের প্রতি আস্থাকেও গুরত্বের সঙ্গে দেখা হয়েছে। বলা হয়, ফিনিশদের জীবনযাত্রার ভারসাম্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাদের সুখী রাখে। তবে, তরুণদের মধ্যে সুখ কমে যাওয়ার প্রবণতা পেয়েছে হ্যাপিনেস রিপোর্ট। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বড় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন