বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যারই সমাধান হবে না। তাই যতই ঝড় তুফান হোক না কেন, নির্বাচন হতেই হবে।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। ৩১ দফা নিয়ে জনসম্পৃক্ততা তৈরি করাই বিএনপির লক্ষ্য। কেউ যদি সেই লক্ষ্য ভ্রষ্ট করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। নির্বাচনের বিকল্প নেই। এর সাথে কম্প্রমাইজ নেই।
চুয়াডাঙ্গায় সাহিদ গার্ডেনে বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সব সময় ভালো ভালো কথা বলবেন, সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট করবেন, একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, সংষ্কার করবেন। কিন্তু দিন শেষে মানুষ প্রশ্ন তুলবে দ্রব্যমূল্য, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থান নিয়ে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কি করতে পারবেন, তা মানুষ জানতে চায়।
দিনব্যাপী এ কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন