বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে।
কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে শুক্রবার, ২০ নভেম্বর বিকেলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আক্রান্তদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ।
এর আগে বুধবার, ১৮ নভেম্বর সন্ধ্যায় বিএনপির একটি শোভাযাত্রায় হামলায় জাসাস ও কৃষক দলের দুই স্থানীয় নেতা নিহত হন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছেন। পুলিশ জানায়, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কালিয়া স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। প্রতিটি বাড়িতে তিন-চারটি ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘর আরও বেশি হতে পারে। সড়কে গাছ ফেলে রাখায় তারা রাত আটটার দিকে পৌঁছাতে পারেন। স্থানীয়দের কেউ কেউ প্রায় ৫০টি বাড়ি ও দোকানের কথা বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ-ছয়টি ঘরে অগ্নিসংযোগ হয়েছে। হতাহতের খবর নেই। হামলাকারীদের পরিচয় প্রশাসন এখনো নিশ্চিত নয়।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিহতদের স্বজন ও অন্যরা বিকেল পৌনে পাঁচটার দিকে গ্রামে জড়ো হয়ে কয়েকটি বাড়িতে হামলা চালান। মুঠোফোনে তিনি তিন-চারটি বাড়িতে হামলার কথা বলেন। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে তিনি জানান। হিন্দু বসতিতে হামলার তথ্যকে তিনি মিথ্যা দাবি করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন