বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

পিএইচপিতে দুটি গুরুতর ত্রুটি ধরা পড়ায় সরকারি পোর্টালের বাইরের বাংলাদেশি ওয়েবসাইটগুলো ঝুঁকিতে পড়তে পারে।
ত্রুটি দুটি পিএইচপির মেমোরি ব্যবস্থাপনায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের বরাতে এএফপি জানিয়েছে, এগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশ চালাতে পারে। এতে সার্ভারের ফাইল ও ডেটাবেজ ঝুঁকিতে পড়তে পারে।
এ আশঙ্কায় ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের কিছু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফ্রান্সে বন্ধ থাকা সাইটের মধ্যে প্যারিস পুলিশের সাইটও রয়েছে।
বাংলাদেশে সরকারের এটুআই প্রকল্পের কর্মকর্তারা জানান, ন্যাশনাল পোর্টালের প্রায় ৩৬ হাজার ৫০০ ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। তাই এগুলো সরাসরি ঝুঁকিতে নেই। তবে অন্য সরকারি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট কোন প্রযুক্তিতে তৈরি, তা যাচাই চলছে।
বেসরকারি হোস্টিং প্রতিষ্ঠান লিমডা হোস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জুনাইদ মিয়াজী বৃহস্পতিবার, ২২ অক্টোবর জানান, তাদের গ্রাহকদের প্রায় ৮০ শতাংশের ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। ত্রুটির খবর পেয়ে দ্রুত সংশোধিত প্যাচ প্রয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রভাব ধরা পড়েনি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ইন্টারনেটে উন্মুক্ত সার্ভার আগে হালনাগাদ করতে হবে। পিএইচপি ৮.১ ও আগের সংস্করণের ক্ষেত্রে লিনাক্স ডিস্ট্রিবিউশনের নিরাপত্তা হালনাগাদ নিতে হবে, নয়তো নতুন সংস্করণে যেতে হবে। ফায়ারওয়াল শুধু সাময়িক সমাধান।
সরকারের বিজিডি ই-গভ সার্টও পরামর্শ জারি করেছে। সংস্থাটি আগে সার্ভারে পিএইচপির ব্যবহার চিহ্নিত করতে বলেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন