বরিশাল নিউজ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

সংস্কারের তালিকা পাঠানো হলেও বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ৮৭১ স্কুলভবনের অনেকটিতে কাজ শুরু হয়নি।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলায় ৬ হাজার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৮৭১টির ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। সবচেয়ে বেশি ৩২০টি বরিশাল জেলায়। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবন ১৯৯টি।
কোথাও দেয়ালে ফাটল, কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। কোনো ভবনের ছাদ থেকে রড বেরিয়ে এসেছে। বৃষ্টিতে শ্রেণিকক্ষে পানি পড়ে।
বরিশাল নগরের আমানতগঞ্জের এনায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের অক্টোবরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। প্রধান শিক্ষক নুসরাত জাহান জানান, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এখনো সংস্কার হয়নি।
বরিশাল সদরের আদর্শ মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৭৮ নম্বর) ভবন ১৯৯৫ সালে তৈরি। প্রধান শিক্ষক মিন্টু কুমার কর বলেন, পাঁচ থেকে সাত বছর ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ, কিন্তু সংস্কার হয়নি। বাবুগঞ্জের ছানিকেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ১৯৯৭ সালে নির্মিত। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর বড় কোনো উন্নয়ন হয়নি।
অভিভাবকেরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। বরিশালের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। জেলা শিক্ষা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ভবনগুলোকে চার শ্রেণিতে ভাগ করে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ শিগগির শুরুর কথা রয়েছে। তবে কবে কাজ শুরু হবে, তা এখনো অনিশ্চিত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন