Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

পুকুর ভরাট; বরিশাল কলেজকে নোটিশ দিচ্ছে পরিবেশ অধিদপ্তর

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম    

পুকুর ভরাট; বরিশাল কলেজকে নোটিশ দিচ্ছে পরিবেশ অধিদপ্তর
সরকারি বরিশাল কলেজসংলগ্ন পুকুরের একাংশ বালু ফেলে ভরাট করা হয়েছে। বরিশাল নিউজ ডটকম

ছাত্রাবাস নির্মাণের জন্য পুকুর ভরাটে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় সরকারি বরিশাল কলেজকে নোটিশ দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।

 

কলেজ কম্পাউন্ডসংলগ্ন পুকুরটির প্রায় এক-তৃতীয়াংশ শনিবার, ১৭ অক্টোবর রাতে বালু ফেলে ভরাট করা হয়। পুকুরটির দক্ষিণ পাশের একাংশ আগেই ভরাট ছিল। একসময় এর আয়তন ছিল প্রায় ৩০ শতাংশ।

 

খবর পেয়ে রবিবার, ১৮ অক্টোবর সকালে লোক পাঠায় পরিবেশ অধিদপ্তর। বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, “পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেছে।” এ কারণে কলেজ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

দুপুরে ঘটনাস্থলে যান বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদার। তিনি বলেন, “অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। তিনি কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।” অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী মহানগরের মধ্যে পুকুর ভরাট দণ্ডনীয় অপরাধ। জলাশয়ের শ্রেণি পরিবর্তনও নিষিদ্ধ।

 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ছাত্রাবাস নির্মাণের জন্য ভরাট চলছিল। বাধা পাওয়ায় আর ভরাট হবে না। তার দাবি, কলেজের তিন সদস্যের একটি কমিটি এ কাজের দায়িত্বে ছিল।

 

স্থানীয়দের অভিযোগ, অধ্যক্ষের পরিকল্পনায় ভরাট চলছিল। তাদের দাবি, এতে সহযোগিতা করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম টিপু। টিপু বলেন, “এটা একটা ডোবা। সেখানে অশ্বিনী কুমার দত্তের নামে ছাত্রাবাস করব।” তার দাবি, জায়গাটি সিটি করপোরেশনের নয়, কলেজের।

 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ভরাটের চেষ্টা বহুদিন ধরে চলছে। এ নিয়ে পরিবেশবাদীরা আন্দোলনও করেছেন। স্থানীয় বাসিন্দা দীপু হাফিজুর রহমান জানান, পুকুরটি কচুরিপানায় ভরা ছিল। তবে নিয়ম মেনে ভরাট হচ্ছে কি না, তা যাচাই করা উচিত বলে মনে করেন তিনি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal