বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

শ্রেণিকক্ষ ও পাঠদানের পরিবেশ উন্নয়নে বরিশালের সাত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোয় ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে এ বরাদ্দ দেওয়া হয়। বরিশাল জেলা, মহানগরী ও সদর উপজেলার প্রতিষ্ঠানগুলো এর আওতায় পড়েছে।
নতুন একাডেমিক ভবনের জন্য তিন প্রতিষ্ঠান পেয়েছে মোট ৫ কোটি ১০ লাখ টাকা:
কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়: ১ কোটি ৮০ লাখ টাকা
শহীদ জিয়াউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ১ কোটি ৮০ লাখ টাকা
বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ: ১ কোটি ৫০ লাখ টাকা
প্রতিটি প্রতিষ্ঠানে ছয়তলা ভবনের উপযোগী ভিত্তির ওপর আপাতত একতলা ভবন হবে। ফলে পরে প্রয়োজনে ভবন বাড়ানো যাবে।
ভবন মেরামত ও সংস্কারে চার বিদ্যালয় ১৫ লাখ টাকা করে, মোট ৬০ লাখ টাকা পেয়েছে। বিদ্যালয়গুলো হলো আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় এবং শায়েস্তাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মানসম্মত পাঠদানের পরিবেশ নিশ্চিত করতেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। নতুন ভবন ও সংস্কারে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, সুফল পেতে নির্মাণের গুণগত মান বজায় রাখতে হবে। কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং ভবনের নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন