Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

বরিশাল মহিলা পলিটেকনিকে ক্লাস শুরু 

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম    

বরিশাল মহিলা পলিটেকনিকে ক্লাস শুরু 
বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল নিউজ ডটকম

নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস শুরু হয়েছে।

 

বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার, ১১ অক্টোবর প্রথম ক্লাস শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে (২০২৬-২৭) ভর্তি হওয়া ৪৭ জন শিক্ষার্থী প্রথম ক্লাসে অংশ নেন।

 

আপাতত আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এ দুই বিভাগ চালু হয়েছে। অধ্যক্ষ, ইন্সট্রাক্টরসহ ১১ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস. এম সামচুন নাহার। তিনি জানান, পর্যায়ক্রমে আরও বিভাগ চালু করা হবে।

 

নগরীর আলেকান্দায় পরেশ সাগর মাঠের উত্তর পাশে ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে গড়া এটিই দক্ষিণাঞ্চলের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক বলে জানা গেছে। তিন একর ১৮ শতাংশ জমির এই প্রকল্পে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।

 

প্রকল্পের ছয়টি বহুতল ভবনের মধ্যে রয়েছে প্রশাসনিক, একাডেমিক ও ওয়ার্কশপ ভবন, ২০০ আসনের ছাত্রীনিবাস, শিক্ষকদের ডরমেটরি ও স্টাফ কোয়ার্টার। ওয়ার্কশপ ভবন, বিদ্যুৎ সাব-স্টেশন ও শহীদ মিনারের অসমাপ্ত কাজ চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাহী প্রকৌশলী। শিক্ষা উপকরণ ও আসবাবপত্র ইতিমধ্যে পৌঁছেছে বলেও জানান অধ্যক্ষ।

 

আর্কিটেকচার টেকনোলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী বানারীপাড়ার বুশরা আক্তার বলেন, “বরিশালের প্রথম মহিলা পলিটেকনিকের প্রথম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত।”

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal