বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

খুলনা নগরে ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। এরপর রাতে একা চলতে পুলিশ সদস্যদের নিষেধ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার, ৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে খানজাহান আলী রোডে ঘটনাটি ঘটে। খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পরিদর্শক শাহ আলমের (৪৩) পথ আটকায় তিন ছিনতাইকারী। তিনি তখন রূপসায় বিশেষ অভিযান শেষে রিকশায় নগরে ফিরছিলেন।
ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো অস্ত্রে তাঁকে আঘাত করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। তিনি এখনো সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ওই কর্মকর্তা সাদাপোশাকে ছিলেন। তার কাছে দুটি মুঠোফোন ও একটি ওয়ালেট ছিল।
ঘটনার পর শুক্রবার, ৯ অক্টোবর রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরে একটি চিঠি জারি হয়। এতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযানে থাকা সদস্যদের রাতে একা না চলতে বলা হয়েছে। ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিরাপত্তাহীনতার বার্তা যাচ্ছে কি না, জানতে চাইলে পুলিশ সুপার বলেন, এটি অভ্যন্তরীণ চিঠি। এতে সব বিস্তারিত লেখা যায় না। কোনো সদস্য যেন ছিনতাইকারীর কবলে না পড়েন, সেটিই উদ্দেশ্য।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার, ৬ অক্টোবর রাত থেকে জেলায় অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এর আগে রূপসায় আক্তার ঢালী এবং দিঘলিয়ায় এক ব্যক্তি সোমবার, ৫ অক্টোবর গুলিতে নিহত হন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন