বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

প্রতিটি শিশুই কোনো না কোনো বিষয়ে প্রতিভাবান, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে মঙ্গলবার, ৬ অক্টোবর শিশু অধিকার দিবস ২০২৬ ও একাডেমির ৫০ বছর পূর্তির অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতে অংশ নেওয়ার সুযোগ শিশুদের দিতে হবে। তাঁর ভাষায়, ‘আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটি করে দেওয়া, যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারে।’
তিনি জানান, প্রথমবারের মতো প্রাথমিক স্তরে দেশজুড়ে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় ২২ লাখ শিশু। এর মধ্যে ছেলে ও মেয়ে ১১ লাখ করে।
স্কুল পর্যায়ে শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার সুযোগ তৈরির প্রস্তুতি অনেকটা এগিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সরকার ২০২৭ বা ২০২৮ সাল থেকে এটি পুরোপুরি চালুর লক্ষ্য নিয়েছে।
বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। শিশুদের মানবিক হওয়ার এবং প্রকৃতি ও পশুপাখির প্রতি যত্নশীল হওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
পরে শিশু জাদুঘর ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন