Advertise top
ক্রিকেট

খুলনার কাছে ৩ দিনেই হারল বরিশাল

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম    

খুলনার কাছে ৩ দিনেই হারল বরিশাল
খুলনার হয়ে দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার সফর আলী।

খুলনার বিপক্ষে তৃতীয় দিনেই ইনিংস ও ১৩৫ রানের ব্যবধানে হেরেছে বরিশাল। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচটি হয় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে।

 

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সোমবার, ৫ অক্টোবর ম্যাচের তৃতীয় দিনেই হার মানে বরিশাল। এবার দলে যোগ দিয়েছেন জাওয়াদ আবরার ও আবদুল্লাহ সিফাতের মতো তরুণ ক্রিকেটার। তবু এবারও শুরুটা ভালো হয়নি বরিশালের।

 

ইনিংস ব্যবধানে হার

প্রথম ইনিংসে খুলনা করে ৪২৬ রান। জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয় বরিশাল। ফলো অনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে তারা কিছুটা ভালো করে।

 

বরিশাল ৬৭.১ ওভার ব্যাট করে ১৯৭ রানে অলআউট হয়। হাফিজুর রহমান ১৪৫ বলে ৯১ রান করেন। তবু ইনিংস ব্যবধানের হার এড়ানো যায়নি।

 

খুলনার হয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল পেসার সফর আলী। তিনি চারটি উইকেট নেন। অফ স্পিনার শেখ পারভেজ তিনটি ও বাঁহাতি স্পিনার সামিউন বাসীর দুটি উইকেট পান। দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হন সফর।

 

সেঞ্চুরির পথে মাহফিজুল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম ৮৬ রানে অপরাজিত। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭০ রান।

 

প্রথম ইনিংসে ময়মনসিংহ করে ৩১১ রান, সিলেট থামে ৩২৭ রানে। সিলেটের চেয়ে ১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ময়মনসিংহ। দুই ওপেনার দলকে ভালো শুরু এনে দেন।

 

খালিদ হাসান ৫৭ রানে আউট হলে মাহফিজুলের সঙ্গে তাঁর ১৪৮ রানের জুটি ভাঙে। তখন দিনের খেলা শেষ হতে বাকি ছিল দুই বল। তৃতীয় দিন শেষে ময়মনসিংহ ১৩২ রানে এগিয়ে।

 

তাইবুরের সেঞ্চুরি, চাপে রংপুর

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে রংপুর করে ৩৪০ রান। ঢাকা অলআউট হয় ২৮৪ রানে। তৃতীয় দিনে ছয় উইকেটে ১২০ রান নিয়ে ব্যাট করতে নামে ঢাকা।

 

তাইবুর রহমান করেন ১০৮ রান, সুমন খান ৯৪। সুমন অল্পের জন্য সেঞ্চুরি হারান। এই ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করেন তাইবুর।

 

রংপুর ৫৬ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ৬.১ ওভারে ছয় রানেই তিন উইকেট হারিয়েছে। অনিক সরকার, মিম মোসাদ্দেক ও আবদুল্লাহ আল মামুন শূন্য রানে আউট হন। রংপুর এখন ৬২ রানে এগিয়ে।

 

চট্টগ্রামে সাদিকুরের সেঞ্চুরি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রাজশাহীর প্রথম ইনিংস থামে ৩৬৪ রানে। জবাবে চট্টগ্রাম করে ৩৯৩ রান। চট্টগ্রাম তৃতীয় দিন শুরু করেছিল কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান নিয়ে।

 

আগের দিনই সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান ১০৫ রানে শফিকুল ইসলামের বলে বোল্ড হন। তাঁর সঙ্গী ওপেনার সাদিকুর রহমান করেন ১১৫ রান। তাসামুল হক ফিফটি করেন, ইরফান শুক্কুর খেলেন ৮৬ রানের ইনিংস। চট্টগ্রাম পায় ২৯ রানের লিড।

 

দ্বিতীয় ইনিংসে রাজশাহীর রান দুই উইকেটে ৪৬। দলটি এখন ১৭ রানে এগিয়ে। শেষ দিনে চট্টগ্রামের সামনে চ্যালেঞ্জ করার মতো লক্ষ্য দেওয়ার আশা করছে রাজশাহী।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal