Advertise top
বাংলাদেশ

বরিশালেও সারের সংকট হয়নি, দাবি এলজিআরডি প্রতিমন্ত্রীর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম    

বরিশালেও সারের সংকট হয়নি, দাবি এলজিআরডি প্রতিমন্ত্রীর
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বরিশালসহ দেশের বেশির ভাগ এলাকায় সারের সংকট হয়নি। 

 

তার অভিযোগ, নির্দিষ্ট কিছু জেলায় কৃত্রিমভাবে সংকট দেখানো হয়েছে। রংপুরের পীরগঞ্জে আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রতিমন্ত্রী কয়েকটি বিভাগ ও জেলার নাম উল্লেখ করে বলেন, সেখানে সংকট হয়নি। এর মধ্যে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ বিভাগ এবং বগুড়া, রাজশাহী, কুমিল্লা ও সিলেটের পাশাপাশি বরিশালও রয়েছে। বরিশাল প্রসঙ্গে তার সরাসরি বক্তব্য: ‘বরিশালেও হয়নি।’

 

তিনি আরও বলেন, ‘মাত্র ১০টি থেকে ১১টি জেলায় সারের সংকট।’

 

প্রতিমন্ত্রী কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলের নাম উল্লেখ করেন। তিনি ১০ থেকে ১১টি জেলার কথা বললেও নয়টি জেলার নাম বলেছেন।

 

তার অভিযোগ, একটি রাজনৈতিক দলের কর্মীরা সরকারকে হেয় করতে হইচই করে এই সংকট তৈরি করেছে। প্রতিবেদনে উদ্ধৃত বক্তব্যে দলটির নাম নেই। তার ভাষায়,‘‘যে সমস্ত জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।”

 

এর আগে ১২ সেপ্টেম্বর ফেনীতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছিলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য মজুতের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

একই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের বাড়িতে ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। জেলা পরিষদের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। এ ছাড়া রংপুর জেলা স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

সূত্র: প্রথম আলো


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal