বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শিক্ষার্থীদের জন্য বৃহৎজেলা শহরগুলোতে স্কুলবাস চালু করতে চায় সরকার। উদ্দেশ্য নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহনের পাশাপাশি শহরগুলোতে যানজট কমিয়ে আনা।
এ প্রকল্পটি চালুর জন্য এক হাজার ৬৭৪ কোটি টাকার ‘বৃহৎ জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণপরিবহনভিত্তিক যাতায়াত ব্যবস্থা প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য সারসংক্ষেপ পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে আগামী ১ জুলাই থেকে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত।
শিক্ষা অধিদপ্তর সূত্র জানা গেছে, মাউসির এই মেগা প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির সম্ভাব্যতা ও সুবিধাসমূহ যাচাইয়ের জন্য আরও ৩৩ কোটি টাকার আরেকটি প্রকল্প পাঠানো হয়েছে।
মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করা হবে কি না, সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
প্রকল্পটি অনুমোদন পেলে পাইলটিং হিসেবে প্রথম পর্যায়ে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ ধাপে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এলাকায় এ সেবা চালুর কথা ভাবা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন উদ্যোগটি ভালো, তবে বাস্তবায়ন নিয়ে কথা। এর আগে মা্ল্পউসির কয়েকটি প্রকল্প অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।
প্রকল্পে ইলেকট্রিক স্কুলবাস ব্যবহারের পাশাপাশি নির্ধারিত রুট ও সময়সূচি, জিপিএস ট্র্যাকিং, স্মার্টকার্ড ও অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে পরিবহন ব্যবস্থাপনাকে ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে।
২০১০ সালে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির স্কুলবাস সার্ভিস চালু করেছিল মাউসি। তবে বেশি দিন চলেনি। তৎকালীন বিআরটিসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিটি বাস কিনতে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা। প্রতিদিন বাস পরিচালনায় ব্যয় হতো প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। আর একটি বাস থেকে দৈনিক গড়ে আয় হতো মাত্র ২০০ টাকার মতো। একপর্যায়ে লোকসানের ভারে বিআরটিসির সার্ভিস বন্ধ হয়ে যায়।
গত বছরও মাউশি রাজধানীর স্কুলবাস চালুর জন্য আরেকটি উদ্যোগ নিয়েছিল। এর জন্য তিনটি রুট চূড়ান্তের পাশাপাশি বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করা হয়েছিল। কিন্তু সে উদ্যোগও আলোর মুখ দেখেনি।
নারীদের জন্য বিশেষ বাসসেবার ব্যয়ও মেটাতে পারছে না বিআরটিসি। ফলে নারী বাসসেবায় সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন