Advertise top

পুলিশ সদস্যদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম    

পুলিশ সদস্যদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি:বাসস

বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শনিবার পুলিশ সপ্তাহ, ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য ৯২ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

 

মন্ত্রী বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের শান্তি বিনষ্ট হয়,এমন কোনো কাজ সহ্য করা হবে না।

 

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে। তাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হুশিয়ারি দেন তিনি।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ কেউ গোপনে ফ্যাসিবাদী শক্তিকে তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে তথ্য রয়েছে। তবে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, এক মাসে ১৪০০ মানুষ হত্যাকারীদের জনগণ আর ক্ষমা করবে না। সরকার তাদের আইনের আওতায় আনতে কাজ করছে।

 

অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal