Advertise top
আদালত-অপরাধ

বোরহানউদ্দিনে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার; আটক ১

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম    

বোরহানউদ্দিনে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার; আটক ১
মৃত ইসমাইল ও তার উদ্ধারকৃত মরদেহ। ছবি: শরীফ হোসাইন, বরিশাল নিউজ ডটকম

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের তিন দিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। স্থানীয়রা মঙ্গলবার খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

শিশুটির কাকা শাহিন বাবুর্চি বরিশাল নিউজ ডটকমের কাছে অভিযোগ করে বলেন, রোকনের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

 

শিশুটির চাচি নুর নাহার দাবি করেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’ তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন বরিশাল নিউজ ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

 

শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal