Advertise top
জাতিসংঘ

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম    

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিউইয়র্ক পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। 

 

ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তাঁকে ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টা ২০ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে তাঁকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নেওয়া হয়, যেখানে সফরকালে তিনি অবস্থান করবেন।

 

সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ একাধিক প্রতিমন্ত্রী।

 

আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে গণতান্ত্রিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে। সফরকালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোটেলের সামনে ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হন প্রবাসী দলীয় নেতাকর্মীরা।

 

আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal