Advertise top
বিদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম    

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ
সায়মা ওয়াজেদ । ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে প্লট দুর্নীতি, ৯০১ মার্কিন ডলারের জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। চলমান তদন্তের মধ্যেই তিনি বুধবার, ৯ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন ।

 

এর মধ্য দিয়ে তার পাঁচ বছর মেয়াদি দায়িত্বের অনির্ধারিত সমাপ্তি ঘটল।

 

নিয়োগ থেকে বিতর্ক পর্যন্ত

সদস্য রাষ্ট্রগুলোর ভোটে ২০২৩ সালের নভেম্বরে সিয়ারো পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ । ডব্লিউএইচও নির্বাহী বোর্ডের অনুমোদনের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। তবে নির্বাচনের সময় থেকেই অভিযোগ ওঠে, মা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি এই পদ বাগিয়েছেন।

 

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার কয়েক মাস পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করে। এর জেরে ডব্লিউএইচও তাকে বেতনহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় জুলাই ২০২৫ থেকে। সেই থেকে সিয়ারোর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোয়েমে।

 

যেসব অভিযোগ উঠেছিল

রয়টার্সের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চীন সফরের ভ্রমণ ব্যয় নিয়ে আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ তুলেছিল ডব্লিউএইচও ও বাংলাদেশের কর্তৃপক্ষ। এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।

 

তার আইনজীবীদের পাঠানো এক চিঠিতে বলা হয়, ভ্রমণ ব্যয়ের বিষয়টি ছিল একজন সহকারীর প্রশাসনিক ভুল, যার পরিমাণ ছিল মাত্র ৯০১ মার্কিন ডলার। শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তিনি জানান, অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির কথা তিনি ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুসকে আগেই জানিয়েছিলেন। জমি প্রসঙ্গে তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি এটি পেয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি বাংলাদেশি আইনের আওতায়।

 

পদত্যাগপত্রে যা বলেছেন

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ জানান, টেড্রোসের নেতৃত্বের ওপর তিনি আস্থা ও বিশ্বাস হারিয়েছেন, কারণ তাকে দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হয়েছে। প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি সংকটজনক হয়ে পড়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি বলে পদত্যাগপত্রে জানান।

 

নতুন পরিচালক খোঁজার প্রক্রিয়া শুরু

রয়টার্স সূত্রে জানা গেছে, সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত পরিচালক বাছাইয়ে মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে ১২ অক্টোবর থেকে। প্রার্থীদের যাচাই-বাছাই চলবে ডিসেম্বরে, আর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৪ জানুয়ারি। প্রতি পাঁচ বছর পরপর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সিয়ারো পরিচালক নির্বাচিত হন। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ এই আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত।

 

তদন্ত চলাকালে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থেকেছে ডব্লিউএইচও, বলেছে সায়মা ওয়াজেদের বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা রক্ষা করে চলেছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তার পরিবার-সংশ্লিষ্ট একাধিক বিতর্ক আলোচনায় এসেছে, আর মেয়ের এই পদত্যাগও সেই রাজনৈতিক প্রেক্ষাপটেই বাড়তি গুরুত্ব পাচ্ছে।

 

সূত্র: রয়টার্স, আউটলুক ইন্ডিয়া, দ্য উইক, ওয়ান ইন্ডিয়া, ডেইলি স্টার


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal