Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

প্রজন্ম পরিবর্তনের শক্তি রাখে রবীন্দ্রনাথ-নজরুল সাহিত্য: ববি উপাচার্য

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম    

প্রজন্ম পরিবর্তনের শক্তি রাখে রবীন্দ্রনাথ-নজরুল সাহিত্য: ববি উপাচার্য
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার। ছবি: বরিশাল নিউজ

শুধু একজন মানুষের জীবন নয়, একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার শক্তি রাখে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এ মন্তব্য করেছেন । 

 

রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনারে রবিবার, ছয় সেপ্টম্বর সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপাচার্য বলেন, বাংলা মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে। রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

তিনি বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে। রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে মানবকল্যাণের দৃষ্টান্ত রেখে গেছেন।

 

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শুধু ভোগ-বিলাস বা অর্থের পেছনে ছুটলে চলবে না। জীবনে যে পেশাতেই থাকুক না কেন, ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই সবচেয়ে বড় সার্থকতা। একজন ভালো মানুষ তাঁর চারপাশের পরিবেশকেও ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারেন।

 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার।

 

‘রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী। ‘নজরুল মানস ও নজরুলবিশ্বে বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য দেন নজরুল গবেষক, প্রাবন্ধিক ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

 

আলোচকেরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান, তাঁদের সাহিত্যচিন্তা, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং বর্তমান সমাজে তাঁদের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

 

সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal