বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি ঘনঘন লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবি আদায়ে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। আগামী ৭ দিনের মধ্যে লোডশেডিংয়ের উন্নতি না হলে, বিদ্যুৎ অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ওজোপাডিকোর বরগুনা কার্যালয়ের সামনে গতকাল সোমবার, ৩ আগস্ট এই ঘেরাও কর্মসূচি ও সমাবেশে করেন তারা। এরআগে তারা প্রেসক্লাব চত্বর থেকে তাদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরগুনার ১০ লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে মারাত্মক বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় হাজারো জেলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বক্তাদের অভিযোগ, দক্ষিণাঞ্চলের তালতলী ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সারাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হলেও বরগুনায় বিদ্যুৎ দেওয়া হয় চাহিদার মাত্র ৩০ থেকে ৪০ ভাগ। এ কারণেই আগে বরগুনার চাহিদা পূরণ করে লোডশেডিং বন্ধসহ ৭ দাফা দাবি আদায় করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচির বক্তব্যে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, বরগুনা শহরে বিদ্যুতের চাহিদা মাত্র ৬ মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াটসহ জেলায় মোট ৩০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হয়। কিন্তু এ চাহিদার বিপরীতে বরগুনায় আজ ৭ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান বলেন, আমাদের দক্ষিণাঞ্চল থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়া সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত। তিনি বলেন, আমাদের দাবি একটাই, উৎপাদিত বিদ্যুৎ থেকে বরগুনা জেলার চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হোক।
এ বিষয়ে বরগুনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, বরগুনা সদরে বিদ্যুতের চাহিদা রয়েছে ৬ মেগাওয়াট, সেখানে সকালে আমরা পেয়েছি সাড়ে ৩ মেগাওয়াট। মূলত এটি জাতীয় পর্যায়ের বিদ্যুৎ সংকটের অংশ। সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিংও কমে আসবে।
ঘেরাও কর্মসূচি ও সমাবেশ শেষে বরগুনার বিদ্যুৎ বিভ্রাট নিরসনসহ ৭ দফা দাবিতে বরগুনার দুটি আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন