Advertise top
বরিশাল

ড্রেন নির্মানের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:২৭ পিএম       

ড্রেন নির্মানের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
নির্মানাধীন ড্রেন

ড্রেন নির্মাণের কাজ করার সময় পাশের পুরোনো দেয়াল ধসে জোবায়ের ইসলাম (২৬) নামে একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।  বরিশাল নগরীর পুলিশ লাইনস এলাকায় ওয়াইডব্লিউসি গলিতে নির্মান কাজের সময় বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জোবায়ের ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন শ্রমিক ড্রেন নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ পাশের একটি পুরোনো দেয়াল ভেঙে পড়তে শুরু করলে তিনজন শ্রমিকের মধ্যে দুজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের ইসলাম ভারসাম্য হারিয়ে ড্রেনের ভেতরে পড়ে যান। এ সময় ধসে পড়া দেয়ালের একটি বড় অংশ তার শরীরের ওপর এসে পড়ে।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ড্রেন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছিল। কাজ শুরুর আগে দেয়ালের স্থায়িত্ব ও ঝুঁকি মূল্যায়ন করা হয়নি।

 

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মো. অভি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। দেয়ালটি ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেয়াল ধসে পড়ল, তা আমরা খতিয়ে দেখছি।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal