বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:২২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলায় তারা মিছিল মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে। তাতে আমাদের কাছে মনে হয়েছে তারা আইনশৃঙ্খলা অবনতির পাঁয়তারা করতে পারে।
উল্লেখ্য ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাদের ব্যাপক শোডাউন হতে পারে বলে সামাজিক গণমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
জেলাগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর । এসব স্থানে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে ।
প্রায় দেড় বছর মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন