বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:২২ পিএম আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমানে কমিশনের প্রধান অগ্রাধিকার স্থানীয় সরকার নির্বাচন। এই উদ্দেশ্য নিয়ে আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিদ্যমান আইন-কানুন ও নীতিমালা পর্যালোচনা চলছে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক প্রতীক বা দলীয় পরিচয় থাকবে না এবং সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, কোন ধাপে নির্বাচন শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি। কমিশন সব দিক বিশ্লেষণ করে সময়সূচি ঘোষণা করবে। জুনের জাতীয় বাজেট, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতিও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা প্রশাসক সম্মেলনে জানিয়েছেন, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করা। সংসদ অধিবেশনেও তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় এসব নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় প্রয়োজন হয়।
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন