বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পিএম আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করার দিন ছিল আজ, ৫ মার্চ। দুপুর একটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই তিনঘন্টা আইনজীবী ভবনে মনোনয়নপত্র বিক্রি করার কথা থাকলেও নির্বাচন উপ-পরিষদের আহবায়ক ও বারের সভাপতি এস এম সাদেকুর রহমান লিংকন প্রায় দুই ঘন্টা আগেই মনোনয়নপত্র বিক্রি বন্ধ করে দেন। এসময় প্রার্থীতা পেতে আগ্রহী বিক্ষুব্ধ আইনজীবীরা আহবায়কের বিরুদ্ধে মনোনয়নপত্র বিক্রি বন্ধ করে ’গোপন’ স্থনে চলে যাওয়ার অভিযোগ করেন। তাকে সভাপতির কক্ষেও দেখতে পাওয়া যায়নি।
সভাপতি পদে মনোনয়নপত্র কেনা প্রার্থী মহসিন মন্টু জানান, বিকাল পাঁচটায় তালিকা টানিয়ে দেওয়া হবে।
এদিকে সাধারণ আইনজীবীরা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনার নিজস্ব লোক দেখে দেখে মনোনয়নপত্র বিক্রি করেছেন “
’ফ্যাসিস্ট’ বলে আওয়ামী লীগ সমর্থিত কোন আইনজীবীকে বিক্রিস্থলে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এরপরেও যে ২/১ জন সিনিয়র আইনজীবী মনোনয়নপত্র কিনতে যান, তাদের পরিস্কার বলে দেওয়া হয়, আপনার কাছে ফরম বিক্রি করা হবে না।
সমিতিতে নির্বাচিত গত তিনবারের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন শিপু বরিশাল নিউজকে বলেন, “আমি স্বত্রন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনতে যাই। কিন্তু আমার কাছে মনোনয়নপত্র বিক্রি করা হবে না বলে দেন আহবায়ক। “
জেলা বিএনপি (দক্ষিণ) এর সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান নান্টু বরিশাল নিউজের কাছে অভিযোগ করে বলেন, ”আমার কাছেও মনোনয়নপত্র বিক্রি করা হয়নি। এই নির্বাচন হতে পারে না।”
এডভোকেট সৈয়দ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ এই নির্বাচন উপ পরিষদ পাতানো নির্বাচনের আয়োজন করছে।”
আইনজীবী ভবনের দোতলায় মনোনয়নপত্র না পাওয়া আইনজীবীরা যখন ক্ষোভ প্রকাশ করছিলেন, তখন ভবনের সামনে সভাপতি প্রার্থী মহসিন মন্টুর নেতৃত্বে নির্বাচনের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন