বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

বরিশাল আইনজীবী সমিতির (বার) সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত।
আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এবং বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে গতকাল বিচারকের এজলাসে হামলা চালান বিএনপিপন্থি আইনজীবীরা। পরে তারা আদালত বর্জনের কর্মসূচি দেন।
এই ঘটনায় আসবাবপত্র ও নথি তছনছ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তার নামে মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান।
আদালত বর্জনের কর্মসূচি চলাকালে আজ বুধবার দুপুরে তাকে সভাপতির অফিস কক্ষ থেকে গ্রেপ্তার করে আদালত হাজতে রাখে ডিবি পুলিশ। এরপর থেকে চারঘন্টার বেশি সময় ধরে আইনজীবীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে আন্দোলন করেন। সভাপতিকে মুক্তি না দেওয়া পর্যন্ত আদালত বসবে না বলেও ঘোষণা করেন তারা।
পরে বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের জন্য আবেদন করেন আইনজীবীরা।
বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাচ্চু বলেছেন, আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন নিয়ে গেলে বিচারক তার খাস কামরায় বসে নথি দেখেন এবং আগামী ২ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ডিবি সদস্যরা অবস্থান নেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন