বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

জেলায় অফিস জোটাতে না পেরে শহর আওয়ামী লীগের সভাপতির ভবনে কার্যালয় নিয়েছে এনসিপি। মাসিক ভাড়া ১২ হাজার টাকা।
ঝালকাঠি কোর্ট রোডের একটি ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় চালু হয়েছে। দলের কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু ২২ অক্টোবর রাতে কার্যালয়টির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী ও জেলা এনসিপির নেতারা।
ভবনটির মালিক ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার ও তার ছেলে মনিরুল ইসলাম তালুকদার। মনিরুল জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শহর কার্যালয় আগে এই ভবনেই ছিল।
লিয়াকত আলী সাংবাদিকদের জানান, তার ছেলে মিঠু তালুকদার অফিস ভাড়া দিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। মিঠু তালুকদার জানান, মাসিক ভাড়া ১২ হাজার টাকা। অগ্রিম নেওয়া হয়েছে দুই লাখ টাকা।
এনসিপির জেলা সভাপতি প্রকৌশলী জাকির হোসেন বলেন, “আমরা কোনো অফিস খুঁজে পাচ্ছিলাম না। কোনোটা পেলেও মালিক ভাড়া দিতে চান না।” তার ভাষ্য, এখানে অনুরোধ করায় মালিকপক্ষ রাজি হয়েছে। ভবনের মালিকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে তার কিছু জানা নেই।
কার্যালয় উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন