বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

বিল্ড-আপে ভুল আর সহজ সুযোগ নষ্টের কারণে ড্র করেও খুশি নন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন।
আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে শনিবার, ২৪ অক্টোবর ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে দুই দলই গোলের একাধিক সুযোগ পায়। কেউ জালের দেখা পায়নি।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় কোচ রিদন বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’ প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী।’
বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। গ্রুপের বাকি দল ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস। রবিবার, ২৫ অক্টোবর পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। সোমবার, ২৬ অক্টোবর বুরুন্ডি ও ফিজির বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে দলটি।
ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ আয়োজন করছে। আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। উৎসবের আমেজ আনতে ম্যাচের সময় ৪০ মিনিট করা হয়েছে। প্রতি দলে খেলোয়াড় থাকছেন আটজন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন