বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

ভোলার লালমোহনে মাদকবিরোধী বার্তা নিয়ে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
ধলীগৌরনগর স্কুল মাঠে মঙ্গলবার, ২০ অক্টোবর বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রতিপাদ্য ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’।
স্পিকার বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
মাঠে হাজারো দর্শক দেখে শৈশবের স্মৃতি তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, হাফপ্যান্ট পরে মাঠে নেমে পড়তে ইচ্ছা করছে, তবে এখন বয়স হয়েছে। নিজেকে বাংলাদেশের শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ফিফার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
খেলোয়াড়দের উদ্দেশে স্পিকার বলেন, মাঠে খেলোয়াড়সুলভ মনোভাব ধরে রাখতে হবে। খেলায় হার-জিত থাকবেই, তা মেনে নিতে হবে।
টুর্নামেন্টের আয়োজক মঙ্গল সিকদার খেলাঘর অ্যাসোসিয়েশন। সহযোগিতা করছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা। উপজেলার ছয়টি ইউনিয়নের দল এতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালমা ইউনিয়ন ও মঙ্গল সিকদার খেলাঘর অ্যাসোসিয়েশন। প্রথমার্ধে রাব্বির গোলে এগিয়ে যায় কালমা। খেলার শেষ দিকে রাইহানের গোলে সমতা ফেরায় খেলাঘর অ্যাসোসিয়েশন।
প্রধান পৃষ্ঠপোষক ইউসুফ মেম্বার বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও ছিলেন লালমোহনের ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন