Advertise top
প্রবাস

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড; কনস্যুলেটের চিঠিতে যা আছে

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম    

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড; কনস্যুলেটের চিঠিতে যা আছে
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সংগৃহীত

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে আগে বা পরে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের চিঠিতে এ তথ্য মিলেছে।

 

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং রবিবার, ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে সৌদি কর্তৃপক্ষ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বুধবার, ১৪ অক্টোবর দেশটির কয়েকটি গণমাধ্যম মক্কা অঞ্চলে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয়। বিবৃতিতে মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পবিত্রতা লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে।

 

কনস্যুলেটের অনুরোধের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার, ৩০ সেপ্টেম্বর বন্দি বাংলাদেশিদের একটি তালিকা দেয়। তালিকায় নজরুলকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে আটক দেখানো হয়েছে। সুইটিকে পরদিন ব্যভিচারের অভিযোগে আটক করা হয়। তালিকায় কারও সাজার তথ্য ছিল না।

 

সৌদিতে তথ্যপ্রযুক্তি বা ব্যভিচারের অভিযোগে আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়। রায়ের কপি ও মামলার তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

 

পশ্চিমাঞ্চলের কারাগারে নৈতিকতাসংক্রান্ত মামলায় ৩০৬ বাংলাদেশি আটক আছেন। তাদের ১৪৭ জনের সাজা ঘোষিত হয়েছে। সাজার মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal