বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সনাতনী ঐক্য মহাসংঘ গীতা স্কুলের ২৫ শিক্ষার্থীকে নতুন পোশাক দিয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ উপহার দেওয়া হয়।
সনাতনী ঐক্য মহাসংঘ উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার ১৮টি গীতা স্কুলে শুক্রবার, ১৬ অক্টোবর পোশাক বিতরণ করেছে। কর্মসূচির নাম ‘শারদ উপহার–২০২৬।’ বিতরণ কার্যক্রম শনিবার, ১৭ অক্টোবরও চলবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা চন্দন ব্যাপারী।
সংগঠনটি মূলত অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। তারা ২০১৯ সাল থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। সংগঠনের সদস্য মোট ২৫ জন, সবাই শিক্ষার্থী। নিজেদের উদ্যোগেই তারা এসব কাজ করেন।
প্রতিষ্ঠাতা চন্দন ব্যাপারী বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে সমাজকর্ম বিষয়ে স্নাতক শেষ বর্ষে পড়ছেন।
এবার মোট ২৫ জন শিক্ষার্থী নতুন পোশাক পেয়েছে। উৎসবে এসব শিক্ষার্থীকে পোশাক দেওয়ার মতো কেউ নেই বলে জানান চন্দন।
সুবিধাভোগীর সংখ্যা তুলনামূলক কম হলেও কেন ১৮টি স্কুল থেকে শিক্ষার্থী বেছে নেওয়া হলো, সে ব্যাখ্যাও দেন তিনি। চন্দন ব্যাপারী বলেন, “শুধু দরিদ্র হলেই নয়, উৎসবে যাদের পোশাক দেওয়ার মতো কেউ নেই, আমরা তাদেরই বেছে নিয়েছি। এ কারণেই আমাদের এত বেশি স্কুলে যেতে হচ্ছে।”
সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের পাশাপাশি গীতা স্কুলের শিক্ষকদেরও শুভেচ্ছাস্বরূপ উপহার দেওয়া হয়েছে। প্রতি বছরই তারা এ উদ্যোগ নেয় বলে জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, উৎসবের আনন্দ সবার কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। গীতা শিক্ষার প্রসার, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির জন্যও তারা নানা কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য আরও বাড়বে বলে সংগঠনের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন