বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

দৃষ্টি প্রতিবন্ধীদের মূলধারায় আনতে প্রশিক্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন বরিশালের সমাজসেবা কর্মকর্তারা।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে আলোচনা সভা হয়। রুপাতলীর সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে সভার প্রতিপাদ্য ছিল ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, শ্রবণশক্তিসহ অন্য ইন্দ্রিয়ের সক্ষমতা কাজে লাগিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষ করা সম্ভব। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে তাদের নিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও মত দেন তিনি।
প্রতিবন্ধী শিশুদের স্কুলে শিক্ষকসংকট আছে। এ সংকট কমাতে প্রশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেন তিনি।
প্রতিবন্ধিতা প্রতিরোধে গর্ভকালীন পুষ্টি, সচেতনতা ও সঠিক চিকিৎসার ওপর জোর দেন রফিকুল ইসলাম। মা-বাবার অবর্তমানে প্রতিবন্ধী শিশুদের দেখভালে রাষ্ট্রীয় সহায়তা কাঠামো গড়ার তাগিদও দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ইকবাল কবির, স্থানীয় সরকারের উপ পরিচালক মো. নাকিব হাসান তরফদার এবং বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বদিউল আলম। সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন