বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

ঢাকার বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতি ঠেকাতে ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর কার্যক্রম পর্যালোচনা সভা হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নির্দেশনা দেন বলে জানান উপ প্রেস সচিব হাসান শিপলু।
গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপর জোর দেওয়া হয়েছে। চারা বেঁচে আছে কি না, তা দেখতে নিজস্ব লোক পাঠানো হবে। পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উপায়ও খুঁজতে বলা হয়েছে।
২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে। কোনো মন্ত্রণালয় লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে ঘাটতি পূরণে এগিয়ে আসবে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে আছে। এটি দেশের জন্য লজ্জার বিষয়।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার যেটা ডিউটি, তার থেকে একটু বেশি কাজ করার সক্ষমতা আপনার রয়েছে।’ ছাদবাগান ও স্কুলবাগানে মানুষকে উৎসাহিত করার কথাও বলেন তিনি।
সভায় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ ও ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন