Advertise top
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ভবন নির্মান প্রায় শেষ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম    

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ভবন নির্মান প্রায় শেষ
নির্মাণের শেষ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের ১০ তলা ভবন। বরিশাল নিউজ ডটকম

নকশাজটিলতা ও জমির বিরোধে দেরি হলেও বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের ভবনের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে।

 

দেশীয় তহবিলের প্রায় ২৫ কোটি টাকায় ১০ তলা এ ভবন হচ্ছে দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে মূল ভবনের কাজ শেষ হবে।

 

লিফট বসানোর কাজ শেষ হতে লাগবে মার্চ পর্যন্ত। ডিসেম্বরের মধ্যে সব সরঞ্জাম প্রকল্প এলাকায় পৌঁছালে সংযোজন শুরু হবে। এর জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

 

সীমানা প্রাচীর ও বৈদ্যুতিক সাব-স্টেশনের কাজ চলতি অর্থবছরের মধ্যে শেষ করে ভবন হস্তান্তর করা হবে। সাব-স্টেশনের কাজ প্রায় শেষ। ট্রান্সফর্মার বসানো চলছে।

 

ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি 'মেসার্স খান বিল্ডার্স-শফিক এন্টারপ্রাইজ জেভি'র সঙ্গে ১৬ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকার চুক্তি করে। কাজ শেষ করার কথা ছিল ২০ মাসে। নকশাজটিলতা ও প্রকল্প এলাকার জমির বিরোধে তা নির্ধারিত সময়ে শেষ হয়নি।

 

পরে লিফটের দাম বাড়ে এবং সীমানা প্রাচীর প্রকল্পে যুক্ত হয়। এতে মোট ব্যয় দাঁড়ায় ২৫ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকা।

 

ভবনের তৃতীয় ও চতুর্থ তলা গত বছরের ৩০ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। সেখানে এখন দাপ্তরিক কাজ চলছে। ভবনের আয়তন প্রায় এক লাখ বর্গফুট। এতে থাকছে বিভিন্ন দপ্তর, সভাকক্ষ, আইসিটি সুবিধার শ্রেণিকক্ষ ও প্রশিক্ষণার্থীদের আবাসন। ষষ্ঠ তলায় রাখা হয়েছে শূন্য উদ্যান।

 

কেন্দ্রের পরিচালক জানান, ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী হলে অঞ্চলের ১৮৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মান তদারকি ও উন্নয়নে সহায়ক হবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal