বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ট্রলারে থাকা ৬ জেলে প্রাণ বাঁচাতে নদী সাঁতরে তীরের একটি গাছে চড়ে রক্ষা পান।
উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলুর দোকান সংলগ্ন কাজীর খালের মুখে মেঘান নদীতে গত বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার,২৪ সেপ্টেম্বর সকালে মাঝি আব্বাসের নেতৃত্বে ইউসুফ, সবুজ, সোহেল, আল-আমীন ও নিরব পাটোয়ারীসহ ৬ জেলে মাছ ধরা ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। বিকালের দিকে শিবচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে নদী উত্তাল হয়ে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় জীবন বাঁচাতে ৬ জেলে সাঁতরে চরজমিন কালির চরে পৌঁছে বনের গাছে আশ্রয় নেন।

ট্রলার মাঝি আব্বাস বলেন,দুর্ঘটনার পর শুক্রবার পরিবারের সদস্যদের কাছে খবর পাঠালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মাছ ধরা ট্রলারটির সন্ধানে খোঁজাখুঁজি করে চরজমিন কালির চরের বনের মধ্যে ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এরপর একটি স্টিলবডি জাহাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
ট্রলার মালিক মো.মফিজ বলেন, ঝড়ে ট্রলারটির প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আড়ত মালিকের দেনা ও এনজিওর ঋণ রয়েছে। নতুন করে আরেকটি ট্রলার তৈরি করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারের কাছে সহযোগিতা চাই।
স্থানীয় চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি মো.আনচার বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি লণ্ডভণ্ড হওয়ায় জেলেরা বড় ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন। তবে তারা নিরাপদে উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। ক্ষতিগ্রস্ত ট্রলারটি মেরামত করে জেলেরা যাতে আবার মাছ ধরার কাজে ফিরতে পারেন, সে জন্য সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছি।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি।আবেদন সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন