Advertise top
বরিশাল

১৮ জেলেসহ সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল,উদ্ধারে যেতে পারছে না কেউ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম    

১৮ জেলেসহ সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল, উদ্ধারে যেতে পারছে না কেউ
উত্তাল সাগরে জেলে নৌকার হদিস নেই। প্রতীকী ছবি

একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৮ জন জেলেসহ পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভেসে বেড়াচ্ছে। সাগর উত্তাল থাকায় তাদের উদ্ধার করার কোন উপায় পাচ্ছে না প্রশাসন।

 

গত শনিবার, ১৯ সেপ্টেম্বর রাতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়। এরপর থেকে ট্রলারটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর উপকূলের আশপাশের সাগরে ভাসছে বলে জানান ট্রলারের মালিক ও মাঝি হানিফ মিয়ার ছেলে মেহেদী হাসান।

তিনি জানান,গত শনিবার সকালে তার বাবাসহ ১৮ জন জেলে ভোলার চরফ্যাশন ঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সাগরে আটকা পড়েন।

 

জেলেদের উদ্ধারে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় জেলেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।

 

মেহেদী হাসান বলেন, মঙ্গলবার রাতেও বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর খুব উত্তাল। আশপাশে থাকা কয়েকটি মাছ ধরার ট্রলারের কাছে সহযোগিতা চাওয়া হলেও তারাও উত্তাল সাগরের কারণে এগিয়ে আসতে পারেনি।

 

জেলেদের বিপদের খবর পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন মৎস্য ব্যবসায়ী জুনায়েত হাসান। একই সঙ্গে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে উদ্ধারের সহযোগিতা চান তিনি।

 

জুনায়েত হাসান বলেন, পাঁচ দিন হয়ে গেল। এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, কিন্তু সাগরের পরিস্থিতির কারণে কেউ এগিয়ে যেতে পারছে না।

 

রাঙ্গাবালী কোস্টগার্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, স্থানীয় ও সোনারচর এলাকার বোট মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সমুদ্র অশান্ত থাকায় কেউ বোট নিয়ে উদ্ধারে যেতে রাজি হননি।

 

ওই কর্মকর্তা বলেন, বিষয়টি কোস্টগার্ডের হেডকোয়ার্টারে জানানো হয়েছে। সেখান থেকে নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

 

উদ্ধার তৎপরতার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রলারটির সঠিক অবস্থান নিশ্চিত করতে না পারা।

 

তিনি আরও জানান, ট্রলার মালিকের মেয়ের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ট্রলারটি সোনারচর উপকূলের আশপাশের সাগরে ভেসে বেড়াচ্ছে। তবে ট্রলারটি বর্তমানে ঠিক কত দূরে বা কোন অবস্থানে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেচেন, নৌপুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সঙ্গে আলোচনা করেও কোনো উপায় পাওয়া যাচ্ছে না।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal